ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
Advertisement
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) ও রংপুর সদরের হরকানি চৌরাপাড়া গ্রামের মোহিদুল ইসলামের ছেলে আসিফ (২৬)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হালিম জানান, শুক্রবার রাতে রংপুর থেকে দিগন্ত পরিবহণের একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। শনিবার সকালে বাসটি সরাইলের বেড়তলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উলটে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

