Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই’

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম

‘বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই’

বগুড়ার মোকামতলায় সুধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: যুগান্তর

Advertisement

জামায়াতে ইসলামীর সমালোচনা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। মানুষের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুর ১টায় বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, জামায়াতে ইসলাম বড় বড় কথা বললেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তার বিষয়টি নিয়ে কার্যকর উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন। সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে যারা আগে জামায়াতকে ভোট দিয়েছেন, তাদের বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানান তিনি। 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়, দেশে ফিরে আসবেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুক। কারণ, দেশের মানুষ তার বিচার দেখতে অপেক্ষা করছে। কিন্তু তার আর দেশে ফেরা হয় না।  

তিনি বলেন, তারেক রহমান দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। আর শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটাই জনগণের ভালোবাসা আর জনসমর্থনের পার্থক্য।

মীর শাহে আলম বলেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, সত্যকে আড়াল করেও রাখা যায় না। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) যতই চেষ্টা করুক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সেই ইতিহাস পাল্টানো যাবে না। মরহুমা বেগম খালেদা জিয়া আমৃত্যু আপসহীন ছিলেন, তার সেই রাজনৈতিক অবস্থানও কেউ বদলে দিতে পারবে না। 

তিনি বলেন, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি যুগে যুগে জনপ্রিয়তা ধরে রেখেছে। বিএনপির নেতাকর্মীরা গর্ব করে বলতে পারেন, তারা শহীদ জিয়ার আদর্শের রাজনৈতিক দলের কর্মী। জনগণের ভালোবাসা ও আস্থাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। 

মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, এটি বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মোকামতলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উপজেলার অবকাঠামো উন্নয়নসহ বাকি কাজগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় উপস্থিত সবার কাছে দোয়া চান প্রতিমন্ত্রী।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম ও শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাক, লেনদেনে সতর্কবার্তা

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাক, লেনদেনে সতর্কবার্তা

আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: শাহে আলম

আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: শাহে আলম

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের নিন্দা

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের নিন্দা

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবার পেল ৫ লাখ টাকা

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবার পেল ৫ লাখ টাকা

আসিফের গাড়িতে গুলি: জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের

আসিফের গাড়িতে গুলি: জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

আরও পড়ুন

আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ

আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ

সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন

সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন

মোস্তফা সরওয়ার ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

মোস্তফা সরওয়ার ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

‘বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই’

‘বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম