প্রতিবন্ধী হত্যায় জড়িত ৫ আসামি গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম
মো.সোহেল (৪১) হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সোনারাগাঁয়ের শারীরিক প্রতিবন্ধী মো.সোহেল (৪১) হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় অবস্থিত পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এসব তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- সুজন মিয়া (৩৩), মো. শফিকুল ইসলাম হীরা (৩৯), মো. দুলাল মিয়া (৪৫), মো. আব্দুর রহিম মিয়া (৫৫) ও আবুল কাশেম (৪০)। সুজন ও হীরা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পর থেকেই জেলা পিবিআই ছায়া তদন্ত শুরু করে। পিবিআইয়ের এসআই পুলক তথ্য প্রযুক্তির সহায়তায় সুজন ও হীরাকে যথাক্রমে সোনারগাঁও ও আড়াইহাজার থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা পুলিশকে জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী সোমবার রাতে সুজন নানাখীবাজার থেকে আনন্দ বাজার যাওয়া-আসার জন্য পূর্বপরিচিত সোহেলের ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। আনন্দ বাজার গিয়ে দোকান থেকে স্পিড পানীয় কিনে তাতে কাশির সিরাপ মিশিয়ে নেশা জাতীয় দ্রব্য তৈরি করে সোহেলকে জোর করে খাওয়ান। এরপর সোহেল অচেতন হয়ে পড়লে শ্বাসরোধে হত্যার পর লাশ মুছারচর-তিলাবো রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে চলে যায় তারা।
হত্যার পরেরদিন মঙ্গলবার সকালে (২০ জানুয়ারি) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই মহসিন বাদী হয়ে মামলা করেন। মামলার পর পিবিআই ছায়াতদন্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় পাঁচ আসামিকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন ও হীরা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার বিষয় স্বীকার করেন। অন্য আসামি- দুলাল মিয়া, আবদুর রহিম ও আবুল কাশেম ছিনতাইকৃত অটোরিকশা কিনেছে বলে স্বীকার করেছেন।

