Logo
Logo
×
   

সারাদেশ

গণসংযোগ নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১০

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:১০ পিএম

গণসংযোগ নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১০

লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী গণসংযোগ কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর রোববার রাত ৭টায় এ নিউজ লেখা পর্যন্ত হাতীবান্ধা শহরে উভয় দলের শত শত কর্মী অবস্থান নিয়েছেন। দুপক্ষের উত্তেজনার কারণে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন।

এর আগে রোববার বিকালে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কসাইটারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, কসাইটারী গ্রামের আজিম উদ্দিনের বাড়িতে জামায়াতে ইসলামীর কয়েকজন নারীকর্মী গণসংযোগে গেলে রাস্তায় তাদের পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে খবর পেয়ে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ভাঙচুর করা হয় তিনটি মোটরসাইকেল।

এ সময় বিএনপি নেতা জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা কাজল, ক্ষতিবর রহমান, নাজমুল সাকিব, সোহেল রানা, মানিক, শরিফুল, নাজিরসহ উভয়পক্ষের ১০ জন আহত হন। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার ও পুলিশ সুপার আসাদুজ্জামান।

পুলিশ সুপার বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলে যাওয়ার পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি ও জামায়াত হাতীবান্ধা শহরে পৃথক মিছিল বের করলে আবারও সংঘর্ষ বাঁধে।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম