Logo
Logo
×

সারাদেশ

সাতক্ষীরা-৪ আসন

প্রতিশ্রুতি নয়, সমস্যার সমাধান চান ভোটাররা

Icon

মো. মুজাহিদুল ইসলাম, সাতক্ষীরা

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

প্রতিশ্রুতি নয়, সমস্যার সমাধান চান ভোটাররা

ফাইল ছবি

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা আর নদীভাঙনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই জীবন চলে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের মানুষের। দীর্ঘদিন ধরে সংকট চিহ্নিত হলেও কার্যকর সমাধানের অভাবে সুপেয় পানি, টেকসই বেড়িবাঁধ, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের মতো মৌলিক অধিকার আজও অনিশ্চিত। নির্বাচন সামনে রেখে তাই এখানকার মানুষের প্রত্যাশা-এমন একজন জনপ্রতিনিধি, যিনি শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব সমস্যার স্থায়ী সমাধান এনে শ্যামনগরকে একটি নিরাপদ, টেকসই ও জনবান্ধব মডেল আসনে রূপ দেবেন।

শ্যামনগরের গাবুরা ইউনিয়নের বাসিন্দা রফিকুল সরদার বলেন, ঘূর্ণিঝড় এলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। আশ্রয়কেন্দ্র আছে, কিন্তু রাস্তাঘাট, বেড়িবাঁধ আর পুনর্বাসনের ব্যবস্থা নেই। আমরা এমন একজন এমপি চাই, যিনি দুর্যোগের সময় পাশে থাকবেন। শ্যামনগরকে পর্যটন নগরী বাস্তবায়নে কাজ করবেন।

উপকূল নিয়ে কাজ করা পরিবেশবিদ মোহন কুমার মন্ডল বলেন, আমরা এমন এমপি নির্বাচিত করতে চাই যিনি উপকূলীয় উন্নয়ন বোর্ড তৈরি করে উপকূলীয় সমস্যাগুলো নিরসন করবেন। লোনা পানির আগ্রাসন থেকে উপকূলের মানুষকে রক্ষা করবেন।

উপকূলবর্তী মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরের শিংড়তলী এলাকার বাসিন্দা জুলেখা বিবি বলেন, উন্নয়ন মানে শুধু বড় বড় দালানকোঠা (স্থাপনা) নয়। নিরাপদ পানি, ভালো শিক্ষা আর চিকিৎসা-এই মৌলিক বিষয়গুলো নিশ্চিত করাই সবচেয়ে জরুরি।

কলেজপড়ুয়া শিক্ষার্থী আবু রায়হান বলেন, আমরা রাজনীতি নয়, কাজ দেখতে চাই। এমন নেতৃত্ব চাই, যিনি তরুণদের কথা শুনবেন। স্থানীয় জলবায়ু কর্মীদের মতে, সাতক্ষীরা-৪ আসন উপকূলীয় বাস্তবতায় ভিন্নমাত্রার পরিকল্পনা দাবি করে। স্থানীয় জলবায়ুকর্মী হাফিজুর রহমান হাফিজ বলেন, জলবায়ু অভিযোজন, টেকসই বেড়িবাঁধ, লবণসহিষ্ণু কৃষি, মৎস্য খাতে আধুনিকায়ন এবং সুন্দরবননির্ভর মানুষের জীবন-জীবিকার সুরক্ষা-এসব বিষয়কে অগ্রাধিকার না দিলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

এই আসনে বিএনপির প্রার্থী সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। জামায়াতের প্রার্থী সাবেক সংসদ-সদস্য গাজী নজরুল ইসলাম। এছাড়া এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোস্তফা আল মামুন ও জাতীয় পার্টি থেকে অ্যাড. আব্দুর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম