ফরিদপুরে উত্তেজনা, দুই প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুর-১ ও ৩ আসনের ভোটকেন্দ্রে গতকাল (বুধবার) দিবাগত গভীর রাতে জামায়াত প্রার্থীর প্রবেশ কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টায় ফরিদপুর-১ আসনের মধুখালী এবং ফরিদপুর তিন আসনের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা সহযোগীদের নিয়ে মধুখালী আকস্মিকভাবে ওই কেন্দ্রে প্রবেশ করেন। রাতের আঁধারে প্রার্থীর এমন উপস্থিতি দেখে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মধুখালী থানার ওসি ফকির মো. তাইজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মধুখালী ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রওশনা জাহান বলেন, রাতের বেলা নিয়মবহির্ভূতভাবে ভোটকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন জানান, ঘটনার বিস্তারিত তার জানা নেই, তবে তিনি খোঁজখবর নিচ্ছেন।
মধুখালী থানার ওসি জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

