মাথায় আট সেলাই
‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখম
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে ‘ছাত্রলীগ’ ও ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় আহত ইসমাইল ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগরের থানা সংগঠক। নগরীর হাজেরা তজু কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল হক শিকদারের নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ ইসমাইলের। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর চকবাজার থানাধীন চট্টেশ্বরী রোডে এ ঘটনা ঘটলেও শুক্রবার বিষয়টি জানাজানি হয়।
ইসমাইল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত মামলা হয়নি।
ইসমাইলের অভিযোগ, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় প্রথমে তাকে ঘিরে ধরা হয়। তারপর ‘ছাত্রলীগ’ ও ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাকে লাথি এবং ধারালো অস্ত্র দিয়ে মাথা ও হাতে আঘাত করা হয়েছে। মাথায় জখমের পাশাপাশি তার ডান হাতে ছুরিকাঘাত করা হয়েছে। ছাত্রদল নেতা জিহাদুলের নেতৃত্বে হামলা করা হয়।
ইসমাইল বলেন, প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে বসে ছিলেন তিনি। এ সময় ছুরি ও রড নিয়ে প্রায় ৩০ জন তার ওপর হামলা করেন। তার অভিযোগ, জিহাদুল প্রথমে পেছন থেকে এসে তাকে লাথি মারেন। তাকে ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে অন্যদেরও মারধরে যুক্ত করেন। পরে জিহাদুল ছুরি দিয়ে আঘাত করতে থাকেন। তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়।
ইসমাইল অভিযোগ করেন, তাকে দেখিয়ে দিয়ে জিহাদুল অন্যদের বলেন, তিনি (ইসমাইল) ছাত্রলীগ করেন এবং তার (জিহাদুল) বাবাকে রিমান্ডে পাঠানোর জন্য দায়ী। এরপরই তার ওপর হামলা চালানো হয়।
তবে অভিযুক্ত জিহাদুল হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তার দাবি, তিনি ঘটনাস্থলেই ছিলেন না। উলটো ইসমাইল প্রথমে ছাত্রদলের লোকজনের ওপর হামলা করেছেন।
ইসমাইল ও জিহাদুল-দুজনের বাড়িই কক্সবাজারের উখিয়া উপজেলায়। চট্টগ্রামে হামলা হলেও এর পেছনে কক্সবাজারে এক নারী হত্যার ঘটনার প্রতিবাদ করার জের রয়েছে বলে দাবি ইসমাইলের। এদিকে জিহাদুল বলেছেন, এলাকার ছেলে হিসাবে ইসমাইলকে নামমাত্র চেনেন তিনি। হামলার কারণ সম্পর্কে ইসমাইলের দাবি, প্রায় এক বছর আগে কক্সবাজারে এক নারীকে হত্যার ঘটনার বিচার চেয়ে তিনি ফেসবুকে লিখেছিলেন। ওই নারী তাদের বাসায় তার মাকে কাজে সহায়তা করতেন। ওই ঘটনায় জিহাদুলের বাবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে চকবাজার থানার ওসি নূর হোসেন মামুন যুগান্তরকে বলেন, ‘বিষয়টি শুনে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছিলাম। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
