Logo
Logo
×

সারাদেশ

যে কারণে গোপালগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণের হার কম

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩০ এএম

যে কারণে গোপালগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণের হার কম

হাইপ্রোফাইল আসন হওয়া সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনে ভোট প্রদানের হার তুলনামূলকভাবে কম হয়েছে। এ তিনটি আসনে মোট ভোটের ৩৮ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে (কাস্ট) বলে জেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গোপালগঞ্জের তিনটি আসনে মোট ভোটার ১০ লাখ ২০ হাজার ৬০৭ জন। এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনে ৩ লাখ ৯৯ হাজার ৫১০, গোপালগঞ্জ-২ আসনে ৩ লাখ ৮৪ হাজার ৩২৬ ও গোপালগঞ্জ-৩ আসনে ৩ লাখ ৮ হাজার ৭৮৪ ভোটার।

ভোটের হার কম হওয়ার কারণ বিশ্লেষণ করতে গিয়ে জানা যায়, এর পেছনে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত সংশ্লিষ্টতা রয়েছে।

গোপালগঞ্জ পৌরসভার আরামবাগের বাসিন্দা নয়ন বালা যুগান্তরকে বলেন, ২৪-এর ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির পর সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, এনসিপির সমাবেশে হামলাসহ গোপালগঞ্জে বেশ কয়েকটি ঘটনা ঘটে। ওই সব মামলায় জেলার ১৪ থেকে ১৫ হাজার মানুষের নামে ও বেনামে একাধিক মামলা হয়। ওই মামলায় অনেকে এখনো কারাগারে আছেন। আবার অনেকে মামলা ও গ্রেফতার আতঙ্কে জেলার বাইরে অন্য কোথাও গা-ঢাকা দিয়ে আছেন। এসব কারণে নির্বাচনের গোপালগঞ্জের মানুষ ভোটদানে বিরত থাকতে পারেন বলে আমি মনে করি। 

সদর উপজেলার বেদ গ্রামের লিটন শেখ বলেন, নির্বাচনের আগের দিন সন্ধ্যার পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া গোপালগঞ্জের অধিকাংশ মানুষ আওয়ামী লীগের ভক্ত ও সমর্থক। এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় তাদের ভোট দেওয়ার আগ্রহ কমে যায়।

শহরের মিয়াপাড়ার স্কুলশিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ধারণা করেছিলাম গোপালগঞ্জে ভোটার উপস্থিতি আরও কম হবে। সেই তুলনায় ভোটগ্রহণের হার খারাপ বলা যাবে না।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম