Logo
Logo
×
   

সারাদেশ

রমজান মাসজুড়ে ১০ টাকা লিটারে দুধ বিক্রি

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

রমজান মাসজুড়ে ১০ টাকা লিটারে দুধ বিক্রি

১০ টাকা লিটারে দুধ বিক্রি করা হচ্ছে। ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসজুড়ে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মধ্যে ১০ টাকা লিটারে দুধ বিক্রি কর্মসূচি চালু করেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জেসি অ্যাগ্রো ফার্ম লিমিটেড। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামে অবস্থিত ফার্মটিতে এ মানবিক কর্মসূচি শুরু হয়। 

প্রথম দিন থেকেই নামমাত্র মূল্যে দুধ নিতে এ খামারে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভিড় করে। ১০ টাকা লিটার দুধ বিক্রির পাশাপাশি অনেককে বিনামূল্যেও প্রদান করা হয়। এবারের রমজানে প্রতিদিন সর্বোচ্চ ৯০ ব্যক্তিকে ১০ টাকা লিটার দুধ সরবরাহের লক্ষ্য রয়েছে বলে জানান তারা।

ঢাকা প্রবাসী রৌহা গ্রামের মো. এরশাদ উদ্দিন ২০২০ সালের দিকে জেসি অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ খামারে দুগ্ধ আহরণ ও মোটাতাজাকরণ প্রকল্পে আড়াইশ গরু রয়েছে। এর মধ্যে ১৮টি গরু নিয়মিত দুধ দিচ্ছে। প্রতিদিন খামার থেকে প্রায় ৯০ থেকে ১০০ লিটার দুধ উৎপাদন হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পবিত্র রমজান মাসেও বাজারে প্রতি লিটার দুধ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। যা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতার সম্পূর্ণ বাইরে। 

রৌহা গ্রামের শ্রমজীবী নারী রহিমা, জাফর ও অশীতিপর বৃদ্ধ মিয়া চাঁন বলেন, পবিত্র রমজান মাসে ১২০ টাকা লিটার দুধ কিনে খাওয়া আমাদের পক্ষে কোনমতেই সম্ভব নয়। কিন্তু জেসি ফার্মের এ মানবিক কর্মসূচি আয়োজনের কারণে ১০ টাকা লিটার দুধ কিনে আমরা খেতে পারছি। 

জেসি অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক হুসাইন মোহাম্মদ রিয়াদ জানান, পবিত্র রমজান মাসে মুসলিম বিশ্বের দেশে দেশে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম কমে কিংবা নিয়ন্ত্রিত হয়। কিন্তু  আমাদের দেশে ঘটে তার উলটো ঘটনা। এই আত্মসংযম ও আত্মশুদ্ধির মাসেই দুধসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্য তেজি ঘোড়ার পিঠে চড়ে বসে। আর এমন কারণে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মো. এরশাদ উদ্দিন পবিত্র রমজান মাসে ১০ টাকা লিটার দুধ বিক্রির মানবিক কর্মসূচি প্রবর্তন করেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .