Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

আখেরুল হত্যার ৮০ দিন পর মূল অভিযুক্ত গ্রেফতার, হত্যার দায় স্বীকার

Advertisement

Icon

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ এএম

আখেরুল হত্যার ৮০ দিন পর মূল অভিযুক্ত গ্রেফতার, হত্যার দায় স্বীকার

Advertisement

রংপুরের গঙ্গাচড়ায় বহুল আলোচিত আখেরুল হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। যৌথ অভিযানে মূল অভিযুক্ত আব্দুল বাতেনকে (৪০) ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গঙ্গাচড়া সদর ইউনিয়ন এর ভুটকা গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে আব্দুল বাতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রংপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া মডেল থানার দায়েরকৃত মামলার তদন্তে বাতেনকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। রংপুর জেলা পুলিশের ডিবি ও গঙ্গাচড়া মডেল থানার সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম ২৫ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের ৩২ নম্বর সড়ক থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে গত ৮ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে আখেরুল ইসলামকে মালিপের বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে অভিযুক্ত তার পিছু নেয়। পরে একটি বাঁশঝাড়ের আড়াল থেকে বের হয়ে লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। আখেরুল মাটিতে পড়ে গেলে তাকে একাধিকবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় নিহতের ভাই আক্তারুল বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারের পর অভিযুক্ত বাতেনকে ঢাকা থেকে রংপুরে এনে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার  আদালতে সোপর্দ করা হয়।

রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, রংপুর জেলা পুলিশ ক্লুলেস ও চাঞ্চল্যকর মামলাগুলোর রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা দ্রুততম সময়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম