দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়
Advertisement
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৭:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রাইসমিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে রাইসমিল মোড়ে অবস্থিত ইউনিয়ন বিএনপি অফিসে হঠাৎ আগুন জ্বলতে দেখতে পান তারা। তখন আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেয়। এতে অফিসে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
নগরঘাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ও স্থানীয় নেতাকর্মীরা জানান, ১২ ফেব্রুয়ারির পর আওয়ামী লীগের কিছু চিহ্নিত দুষ্কৃতিকারী এলাকায় ফিরে এসে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এ ধরনের কাজ করে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
পাটকেলঘাটা থানার ওসি এইচএম লুৎফর কবির বলেন, আগুনে কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রলের বোতল উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
