চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেফতার ৩
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম
গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেফতার ৩। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি অ্যাগ্রোভেট কারখানায় দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে সাঘাটা থানা পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাত প্রায় ৮টার দিকে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে অবস্থিত একটি অ্যাগ্রোভেট কারখানায় চাঁদা দাবির এ ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির ও বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ওসি মাহবুর আলম জানান, দুই লাখ টাকা চাঁদা দাবির একটি লিখিত অভিযোগের ভিত্তিতে বোনারপাড়া এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। পরে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে বলে নিশ্চিত করেছেন তিনি।

