মহেশপুরে জিয়াউর রহমানকে স্মরণ না করায় স্বাধীনতা দিবস অনুষ্ঠান বর্জন স্থানীয় বিএনপির
Advertisement
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:১২ পিএম
সাংবাদিকদের সামনে অভিযোগ করেন পৌর বিএনপির নেতা-কর্মীরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাগত বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ না করায় বর্জনের ঘোষণা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিএনপির নেতাকর্মীরা। তবে উপজেলা প্রশাসন যথারীতি অনুষ্ঠান চালিয়ে যায়।
এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে অভিযোগ করে পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু বলেন, আমরা লক্ষ করেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার নির্দিষ্ট একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে স্বাগত বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম স্মরণ করেননি। এমনকি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নামও উল্লেখ করেননি। আমরা মনে করছি প্রশাসন অত্যন্ত নির্লজ্জভাবে একটি পক্ষের হয়ে কাজ করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করার জন্য উদ্দেশ্যমূলকভাবে উপজেলা প্রশাসন এমন একটি দিনে জিয়াউর রহমানের নামটি এড়িয়ে গেছে। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মান করতে তার নামও উল্লেখ করা হয়নি। যে কারণে প্রশাসনের এই ন্যক্কারজনক কাজের প্রতিবাদ জানিয়ে আমরা এ অনুষ্ঠান বর্জন করেছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, পৌর বিএনপির সম্পাদক সাইফুল ইসলাম,বাঁশবাড়ীয়া ইউনিয়ন সভাপতি সুজা উদ্দিনসহ দলীয় নেতাকর্মী।
এ ঘটনার প্রতিবাদে বিকালে দলীয়ভাবে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
