বিশ্বে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়ানো হয়নি: প্রতিমন্ত্রী
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম
কালাই উপজেলার মাত্রাইয়ের হারাবতী নদীর কানমোনা খাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, সারা বিশ্বে তেলের দাম বেড়েছে, তবুও বাংলাদেশে দাম বাড়ানো হয়নি। এক লিটার ডিজেলের মূল্য ১০০ টাকা, আর এই ডিজেল কিনতে হয় ১৯৭ টাকা দিয়ে। সরকার ৯৭ টাকা ভর্তুকি দিচ্ছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কালাই উপজেলার মাত্রাইয়ের হারাবতী নদীর কানমোনা খাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্কুল-কলেজ অফিস বন্ধ করার জন্য বিভিন্ন লেখালেখি চলছে কিন্তু বন্ধ করা হয়নি। কারণ প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলে অর্থনীতি থেমে যাবে। অর্থনীতি থেমে গেলে প্রবৃদ্ধি থেমে যাবে।
সাম্প্রতিক সময়ে আলু চাষে যে ব্যাপক ক্ষতি হয়েছে, তার প্রধান কারণ হিসেবে ড্রেনেজ ব্যবস্থার ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের খালগুলো যদি সচল থাকত, তবে আলু চাষিদের এই চরম ক্ষতির সম্মুখীন হতে হতো না। সরকার বর্তমানে ক্ষতিগ্রস্ত চাষীদের পুনর্বাসনের পাশাপাশি দেশে উৎপাদিত অতিরিক্ত ১৫-২০ লাখ টন আলুর সঠিক ব্যবহার এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে।
সরকারের নেওয়া জনকল্যাণ পদক্ষেপসমূহের ব্যাপারে জানিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের মঙ্গলের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কাছে সরাসরি অর্থনৈতিক সুবিধা পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জয়পুরহাটে কানমোনা-হারাবতী খাল ছয় কিলোমিটার খনন কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৭১ লাখ টাকা। এই কাজগুলো দেখভাল করবেন জয়পুরহাটের কালাইয়ের কানমোনা-হারাবতী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড।
