ভাড়াটিয়া গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রশক্তি নেতা গ্রেফতার
Advertisement
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পিএম
গ্রেফতার মেহেদী হাসান তানজিম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার দেবিদ্বারে নিজ বাড়ির ভাড়াটিয়া গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মেহেদী হাসান তানজিম নামে স্থানীয় এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃত মেহেদী হাসান তানজিম দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। উপজেলা পর্যায়ে ছাত্রশক্তির কোনো কমিটি নেই। তবে মেহেদী হাসান তানজিম ছাত্রশক্তির উপজেলা নেতা হিসেবে পরিচিত।
থানা সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার এক সিএনজিচালিত অটোরিকশাচালক পরিবারসহ ভাড়া থাকেন অভিযুক্ত মেহেদী হাসান তানজিমের বাড়িতে। শনিবার সন্ধ্যায় অটোচালকের স্ত্রীকে বাড়িতে একা পেয়ে মেহেদী হাসান তানজিম শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ উঠে।
এ সময় স্থানীয় লোকজন ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মেহেদী হাসান তানজিমকে ঘরে আটকে রাখেন। পরবর্তীতে স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর আপত্তি সত্ত্বেও জোরপূর্বক মেহেদী হাসান তানজিমকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসেন।
ওই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে ভিংলাবাড়ি এলাকায় তার নিজ বাড়ি থেকে মেহেদী হাসান তানজিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
রোববার তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে মেহেদী হাসান তানজিমকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
