ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ওসিসহ আহত ১৫
Advertisement
কিশোরগঞ্জ ব্যুরো ও পাকুন্দিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম
এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে পাকুন্দিয়া উপজেলার পৌর সদরের টান লক্ষ্মিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সহিংস রূপ নিয়ে সংঘর্ষে গড়ায় এবং রাত পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকে।
এর জেরে শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে পুনরায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সঙ্গেও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসি এসএম আরিফুর রহমানসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ তলব করা হয়েছে।
