পুলিশের ৫ সদস্যকে আহত করে পালানো সেই আ.লীগ নেতা গ্রেফতার
Advertisement
ফরিদপুর ব্যুরো ও চরভদ্রাসন প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ৫ সদস্যকে আহত করে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা কবির খানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা জেলার দোহার উপজেলার হরিচন্ডি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার সকালে চরভদ্রাসন উপজেলার চর সালেপুর মুন্সিরচর বাজার থেকে কবির খানকে গ্রেফতার করেছিল পুলিশ। সে সময় তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনার দীর্ঘ ২৯ ঘণ্টা পর তাকে পুনরায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানার এসআই এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা জেলা পুলিশের সহায়তায় দোহারে অভিযান চালায়। সেখান থেকে তাকে পুনরায় হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত কবির খানের বিরুদ্ধে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা ছিল। মঙ্গলবার আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই রফিকুজ্জামান বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। বর্তমানে নতুন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
স্থানীয়ভাবে ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত কবির খান চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবারের হামলায় এসআই রফিকুজ্জামানসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছিলেন। পালিয়ে যাওয়ার পর কবিরের ফেলে যাওয়া হাতকড়াটি স্থানীয় গ্রামপুলিশ উদ্ধার করে থানায় জমা দেন। এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবিরের ভাগনে আলমগীরকে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
