ঘুস কেলেঙ্কারির অভিযোগে মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী বদলি
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম
ঘুসের টাকা হাতে মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদৎ হোসেন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
‘মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলীর ঘুস নেওয়ার ছবি ফাঁস’ ও ‘নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুসের নতুন অভিযোগ’ শিরোনামে দৈনিক যুগান্তরে একাধিক সংবাদ প্রকাশের পর অবশেষে মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদৎ হোসেনকে বদলি করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত আদেশে তাকে রাজবাড়ী পৌরসভায় বদলির নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদৎ হোসেনের বিরুদ্ধে দুজন ঠিকাদার পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। ওই লিখিত অভিযোগে বলা হয়, ঘুস ছাড়া নির্বাহী প্রকৌশলী কোনো কাজ করেন না। এছাড়া চাহিদামাফিক ঘুস না পেয়ে একজন ঠিকাদারের কার্যাদেশ ছিঁড়ে ফেলে ফাইল ছুড়ে মারেন তিনি। এ বিষয় নিয়ে সর্বশেষ ৩০ মার্চ দৈনিক যুগান্তরে ‘নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুসের নতুন অভিযোগ’ প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সদস্যরা সরেজমিন এসে অভিযোগকারী, ভুক্তভোগীসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেন।
পরবর্তীতে মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত ওই আদেশে তাকে (নির্বাহী প্রকৌশলীকে) রাজবাড়ী পৌরসভায় বদলির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৯ এপ্রিলের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে ৩০ এপ্রিল বর্তমান কর্মস্থল থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে বলেও নির্দেশ দেওয়া হয়।
প্রকৌশলী শাহাদৎ হোসেন বলেন, বদলি সংক্রান্ত একটি আদেশের কপি পেয়েছি। কী কারণে বদলি করা হয়েছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পত্র-পত্রিকায় পৌরসভার বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। গত সপ্তাহে মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি পৌরসভায় এসে তদন্ত করে গেছেন। বদলির আদেশে বদলিজনিত কোনো কারণ উল্লেখ্য করা হয়নি। এটা নিয়মিত বদলির আদেশ।
মানিকগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক নাজমুল হাসান বলেন, নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে বলে শুনেছি। তবে কবে, কোথায়, কিভাবে তদন্ত হয়েছে তা আমার জানা নেই। পৌরসভার নির্বাহী প্রকৌশলীর বদলির আদেশের অফিসিয়াল কপি আমি পাইনি। বদলি করা হয়েছে মর্মে জানা গেছে।

