মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যা
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার লালমাইয়ে কাজী মোহাম্মদ উল্লাহ নামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাত থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে ছেলেকেই গলা কেটে হত্যা করলেন বাবা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কাজী মোহাম্মদ উল্লা (৪০) ওই গ্রামের কাজী হিরন মিয়ার (৭০) তৃতীয় ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পিতা-মাতাকে মারধর, বড় ভাইয়ের স্ত্রীদের যৌন হয়রানিসহ মাদকাসক্তের অভিযোগে অনুমানিক তিন মাস আগে মোহাম্মদ উল্লাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেলে পাঠায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। গত ২ এপ্রিল তিনি জেল থেকে মুক্তি পেয়ে পরিবারের সদস্যদের পুনরায় হয়রানি ও গালাগালি শুরু করেন।
আজ বৃহস্পতিবার বিকালে মাদকের টাকা চেয়ে না পেয়ে মোহাম্মদ উল্লা নিজের পিতাকে ঘরের দেয়ালে চেপে ধরে মারধর শুরু করেন। একপর্যায়ে একটি ধারালো ছুরি নিয়ে বাবাকে হত্যা করতে ছুটে গেলে বাবা উল্টো তাকে ধাক্কা দিলে ঘরের বারান্দার মেঝেতে লুটিয়ে পড়েন মোহাম্মদ উল্লা। তখন ক্ষুব্ধ হয়ে ছেলের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে হিরন মিয়া ছেলের গলায় ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ছেলেকে গলা কেটে হত্যার পর বাবা হিরন মিয়া নিজেই থানায় ফোন করে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

