চট্টগ্রাম খাদ্য বিভাগ
কর্মকর্তাদের পদায়ন স্থগিত করার প্রতিবাদ খাদ্য পরিদর্শক সমিতির
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের বিভিন্ন সেন্ট্রাল সাপ্লাই ডিপো-সিএসডি, লোকাল সাপ্লাই ডিপো-এলএসডি ও সাইলোতে কর্মকর্তা পদায়ন স্থগিত করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির চট্টগ্রাম বিভাগের নেতারা।
তারা চট্টগ্রাম খাদ্য বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর হিসেবে পরিচিত সিএসডি ম্যানেজার, সাইলো অধীক্ষক ও এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের স্থগিত করার ‘অফিস আদেশ’ প্রত্যাহারের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ দফতরে কর্মকর্তাদের পদায়ন স্থগিত করায় উদ্বেগ জানিয়েছেন।
চট্টগ্রাম খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযান গত বছরের নভেম্বর থেকে শুরু হয়ে চলে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তখনও মন্ত্রণালয়ের অফিস আদেশে সিএসডি, এলএসডিতে কর্মকর্তাদের পদায়ন বন্ধ রাখা হয়। এরপর মার্চ ও এপ্রিল এই দুই মাস ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিক নির্দেশে পদায়ন বন্ধ রাখা হয়। গত মাসের ২৩ এপ্রিল খাদ্য মন্ত্রণালয়ের অপর একটি অফিস আদেশে চলতি বছরের আগস্ট পর্যন্ত কর্মকর্তাদের পদায়ন স্থগিত করা হয়। বোরো সংগ্রহ অভিযানের কর্মকর্তাদের পদায়ন স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত অফিস আদেশটিতে বলা হয়- ‘সরকারি পর্যায়ে বোরো সংগ্রহ কার্যক্রমে খাদ্য অধিদপ্তরের এলএসডি, সিএসডি ও সাইলোসমূহে দায়িত্বরত কর্মকর্তাগণ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। বোরো সংগ্রহ মৌসুম ২০২৬ এ কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন এবং সংগ্রহ কার্যক্রম নিরবিচ্ছিন্ন ও নির্বিঘ্নে রাখার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এলএসডিসমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিএসডিসমূহের ব্যবস্থাপক ও সাইলোসমূহের সাইলো অধীক্ষকগণের বদলি-পদায়ন স্থগিত থাকবে।’
এতে একটানা ১০ মাস বদলি-পদায়ন বন্ধ হবে কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তাদের প্রত্যাশিত পদায়ন না পাওয়ায় পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে এসব গুরুত্বপূর্ণ দপ্তরে থাকা কর্মকর্তাদের বদলির সময় হলেও তাদের বদলি করা যাচ্ছে না।
চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারি যুগান্তরকে জানান, মন্ত্রণালয় বোরো সংগ্রহ অভিযানের কারণে কর্মকর্তাদের পদায়ন স্থগিত করেছে। এটি সাময়িক।
