নারায়ণগঞ্জে নৌ দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০১:০৫ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে মো. মহসিন সরদার (৪৩) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যসহ একটি দল ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন টহলে বের হন। এ সময় তাদের ব্যবহৃত নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উলটে যায়।
এ সময় টহল দলের সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও পুলিশ সদস্য মো. মহসিন সরদার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মহসিন সরদারের বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামে। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে। পরিবারে তার বৃদ্ধ মা, স্ত্রী, সিয়াম নামের ১৪ বছরের এক ছেলে এবং নিশিথা আক্তার মুন্নি নামের ১৯ বছরের এক মেয়ে রয়েছে।
নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় সহকর্মীরা সবাই শোকাহত। তার লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা আছে। পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
