পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিয়ে যে মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ ও ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:৩২ পিএম
গত ১৫ বছরে দেশে অনেক আলেম-ওলামার ওপর নির্যাতন হয়েছে বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ।
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাম্প্রতিক সময়ে ভারতে বিজেপি পশ্চিমবঙ্গে জয়ী হয়েছে। এটি একটি গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ইমানি শক্তি না থাকে, তাহলে এ পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে।
শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে দেশে অনেক আলেম-ওলামার ওপর নির্যাতন হয়েছে। অনেক মানুষ কষ্টের মধ্যে ছিল। আমরা সবাই যদি একটি সুশৃঙ্খল কাঠামো গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশ নতুনভাবে পরিবর্তিত হবে।
সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজেই শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে। বিশেষ করে এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে মসজিদ কমিটির প্রতি আহ্বান জানান তিনি।
জুমার নামাজ শেষে মসজিদ কমপ্লেক্সের সামনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, নারায়ণগঞ্জে যেন কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ বা দখলবাজ এমপি হতে না পারে, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় তিনি ‘নারায়ে তাকবির’ স্লোগান দিলে উপস্থিত মুসল্লিরা ‘আল্লাহু আকবার’ ধ্বনি দেন।
