ট্রাকচাপায় বাবার মৃত্যু, গুরুতর আহত শিশু
Advertisement
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালী-ফেনী ফোর লেন মহাসড়কে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। একই পরিবারের মা ও আরেক মেয়ে অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন।
সোমবার (১৮ মে) দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর হলি কেয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন (৫৫) নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম ছিলেন। আহত শিশুর নাম তালবিয়া মুসতারি (৫)।
নিহতের স্ত্রী তামান্না রহমান (৪০) ও আরেক মেয়ে তাসপিয়া সুলতানা (১২) অক্ষত রয়েছেন। তবে আহত তালবিয়াকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বেলাল হোসেন অসুস্থ স্ত্রী ও দুই মেয়েকে চিকিৎসা করাতে চৌমুহনী এলাকার হলি কেয়ার হাসপাতালে নিয়ে আসেন। দুপুর ১২টার দিকে চিকিৎসা শেষে তারা হাসপাতাল থেকে বের হন। সড়ক পার হওয়ার সময় মেয়েকে কোলে নিয়ে এগোচ্ছিলেন তিনি। এ সময় ফেনী থেকে চৌমুহনীর দিকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে বাবা ও মেয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই বেলাল হোসেনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক ও সহকারী ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। তবে পুলিশ পৌঁছার আগেই নিহতের লাশ সরিয়ে নেওয়া হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. সবুজ মিয়া বলেন, হাসপাতাল থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় একজন নিহত হয়েছেন। শিশুটি গুরুতর আহত হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

