ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ৫ মাসে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত এই শিশুগুলোর মৃত্যু হয়।
হাসপাতালে মৃত ১৮ শিশুর মধ্যে পাঁচজন ফরিদপুরের, চারজন গোপালগঞ্জের, তিনজন মাদারীপুরের, তিনজন রাজবাড়ীর এবং মাগুরা, যশোর ও ঝিনাইদহের একজন করে রয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯১ জন রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৩ জন রয়েছে। বর্তমানে এই দুটি হাসপাতালে মোট ১৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জন এবং জেনারেল হাসপাতালে ৬৫ জন। যার মধ্যে পুরাতন রোগীর সংখ্যা ৯২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, সর্বশেষ ৩০ মে ঝিনাইদহ সদরের তাসিম নামের আট মাস বয়সের এক শিশু হামের তীব্র উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল; তবে তার নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরি ফলাফল পাওয়ার আগেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, হামের চূড়ান্ত রিপোর্ট না পেলেও এর উপসর্গ, চিকিৎসার ধরণ ও রোগীর জটিলতা বিবেচনা করে একে আমরা ‘ক্লিনিক্যালি হামে মৃত্যু’ হিসেবেই সনাক্ত করেছি। এ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে মোট ১৮ শিশুর মৃত্যু হয়েছে।

