কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই
Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:২৬ পিএম
ভূরুঙ্গামারী ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়, ফলে তা ভয়াবহ রূপ নেয়।
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারের কাপড়পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে । অগ্নিকাণ্ডে প্রায় ১২ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। ভূরুঙ্গামারী ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়, ফলে তা ভয়াবহ রূপ নেয়।
পরে নিকটবর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অধিকাংশ দোকান পুড়ে যায়।
ব্যবসায়ীরা জানান, কাপড়পট্টির সব দোকানই আগুনে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কসমেটিকস, ফলের দোকান, লাইব্রেরিসহ বিভিন্ন ধরনের দোকানও পুড়ে গেছে।
কাপড় দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি আখতারুজ্জামান বলেন, কাপড়পট্টিতে ৭৫টি দোকান ছিল। প্রতিটি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যেক ব্যবসায়ীর ৫ থেকে ১০ লাখ টাকার মালামাল ছিল। তিনি আরও জানান, স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ১০৫টি দোকান পুড়ে গেছে এবং ক্ষতির পরিমাণ ১২ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এনামুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, আগুনে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান করা হবে।
