গাজীপুরে মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন
Advertisement
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব গ্রামে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার দুলাল মার্কেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন মৌচাক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন তালুকদার, মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ, মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম হোসাইন, লালন গবেষক রফিকুল ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান, আবু বকর সিদ্দিক শাহীন, আশরাফুল আলম, মেহেদী হাসান সেলিম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, বেলায়েত হোসেন, মঞ্জু শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে অংশ নেওয়া এক নারী বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের এলাকায় দিন দিন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। তাদের কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। মাদকসেবীরা প্রকাশ্যে রাস্তাঘাটে উচ্ছৃঙ্খল আচরণ করে এবং পথচারীদের বিরক্ত করে। বিশেষ করে নারী ও কিশোরীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিছুদিন আগে আমার এক বোন সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কয়েকজন মাদকাসক্ত যুবক তাকে উত্ত্যক্ত করে এবং অশালীন প্রস্তাব দেয়।
এ ধরনের ঘটনা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা বরাব গ্রামকে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এলাকার মুরব্বি ও সমাজসেবকেরা বলেন, তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।
