বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা আহত
Advertisement
যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:১৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনার তালতলীতে বজ্রপাতে ছেলে অলি উল্লাহ নিহত এবং বাবা লোকমান ফরাজী আহত হয়েছেন।
রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে আইশোটেক তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া গ্রামের লোকমান ফরাজী (৫০) ও তার ছেলে অলিউল্লাহ ফরাজী (২১) পায়রা নদীতে বরশি দিয়ে মাছ ধরতে আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে যায়। সকাল ১০টার দিকে বরশি ফেলে তারা মাছের জন্য অপেক্ষা করছিল। এমন সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত তাদের ট্রলারের পাশে নদীতে আঘাত হানে। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। ছেলের নাক ও কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে বাবা ট্রলার চালিয়ে ছেলেকে নিয়ে বাড়িতে আসলে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক ডা. পপি হালদার অলী উল্লাহকে মৃত ঘোষণা করেন।
নিহত অলী উল্লাহর চাচা বেল্লাল ফরাজী বলেন, বাবা ও ছেলে বরশি ফেলে পায়রা নদীতে মাছ শিকার করতে গিয়েছিল। তারা আইশোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে বরশি ফেলে অপেক্ষা করছিল। ওই সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত ট্রলারের পাশে আঘাত হানে। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। পরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক ছেলে অলী উল্লাহকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি হালদার বলেন, অলী উল্লাহ হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মারা গেছেন এবং বাবাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতের বিষয়টি জেনেছি। হাসপাতাল থেকে পরিবার লাশ বাড়িতে নিয়ে যাবেন।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

-6a257d340fe68.jpg)