কুড়িগ্রামে রেললাইনের উপর বালুভর্তি ড্রাম ট্রাক, চলছে মেরামতের কাজ
Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:২৩ পিএম
লুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর উলটে পড়লে রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কয়েক ফুট স্থানচ্যুত ও বেঁকে যায়।
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কের দেবীচরণ চড়াইখেলা এলাকায় একটি বালুভর্তি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর উলটে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে সাময়িকভাবে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে কুড়িগ্রাম এক্সপ্রেসের ঢাকাগামী যাত্রীসহ তিস্তা-রমনা রুটের শত শত যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় সাড়ে ১৪ ঘণ্টা পর ট্রাকটি সরানো হলেও এখনো ট্রেন চলাচল শুরু হয়নি। বর্তমানে রেললাইন মেরামতের কাজ চলছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দেবীচরণ চড়াইখেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে ট্রাকের চালক, সহকারী ও মালিকের কোনো খোঁজ পায়নি রেল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর উলটে পড়ে। এতে রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কয়েক ফুট স্থানচ্যুত ও বেঁকে যায়। দুর্ঘটনার পরপরই কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া রেলওয়ে স্টেশনে আটকে রাখা হয়। পরে সেখান থেকে দুপুর ১২টার পর ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
সরেজমিন দেখা গেছে, বালুভর্তি ড্রাম ট্রাকটি রেললাইনের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে আছে। উদ্ধারকর্মীরা সকাল থেকে কাজ করলেও সন্ধ্যা সাড়ে ৭টায় ট্রাকটি সরাতে সক্ষম হন। বর্তমানে রেললাইন মেরামতের কাজ চলছে।
রাজারহাট রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সুমন মিয়া জানান, ভোর সাড়ে ৫টা থেকে উদ্ধার কার্যক্রম চললেও সন্ধ্যা সাড়ে ৭টায় ট্রাকটি সরানো হয়েছে। আশা করছি, রেললাইন মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচলে আর কোনো সমস্যা থাকবে না।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমেদ খান বলেন, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উলটে পড়ায় লাইন ব্লক হয়ে যায় এবং রেললাইন বাঁকা হয়ে যায়। ট্রাকটি সরাতে কুড়িগ্রাম থেকে চেইনপুল আনা হয়। পরে রিলিফ ট্রেনও আনা হয়। সন্ধ্যার পর ট্রাকটি সরানো সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, কিছুটা বিলম্ব হলেও কাউনিয়া থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। রমনা লোকাল ট্রেন সাময়িকভাবে বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেল কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে। ট্রাকটি সরিয়ে এখন রেললাইন মেরামতের কাজ চলছে। শিগগিরই কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
