জাম পাড়তে গিয়ে পিঁপড়ার কামড়ে গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
Advertisement
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জাম পাড়তে গিয়ে পিঁপড়ার কামড়ে গাছ থেকে পড়ে রাকিব (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বর্ণাল ইউনিয়নের লৈথলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব ওই এলাকার আব্দুর রহিমের ছেলে। সে থৈলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, সকালে স্কুলে যাওয়ার পথে বাড়ির পাশের একটি জামগাছের নিচে স্কুলব্যাগ রেখে গাছে ওঠে রাকিব। একপর্যায়ে গাছে থাকা লাল পিঁপড়ার কামড়ে সে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় পাশের একটি বাঁশের বেড়ার ওপর আছড়ে পড়লে বেড়ার একটি বাঁশ তার শরীর বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন সেখানে ছুটে যান। পরে পরিবারের সদস্যরা রাকিবের লাশ বাড়িতে নিয়ে যান।
মাটিরাঙ্গা থানার ওসি শাহেদ উদ্দিন বলেন, বিভিন্নজনের কাছ থেকে বিষয়টি শুনেছি। তবে ঘটনাটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেননি।
