মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
Advertisement
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. মহিউদ্দিন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মহিউদ্দিন ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার হাজি নেছার আহমদের ছেলে। তিনি ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং পুরাতন জাহাজের ক্যাবল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র ও বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে মাদামবিবিরহাট এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি দ্রুতগতির মাইক্রোবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বিএসবিএ হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী বলেন, মো. মহিউদ্দিন নম্র ও ভদ্র স্বভাবের কারণে এলাকায় সবার কাছে পরিচিত ছিলেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এম এ হক বলেন, মাদামবিবিরহাট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
