ইন্টারনেট বিল দিতে বিলম্ব, নারী গ্রাহককে মারধরের অভিযোগ
Advertisement
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:২১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার নাঙ্গলকোটে ইন্টারনেটের বিল দিতে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে জাহেরা বেগম (৪০) ও রাহেলা বেগম (৪৫) নামে দুই নারী গ্রাহককে মারধরের অভিযোগ উঠেছে আজগর মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য গ্রামের সুয়া মিয়া মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীরা নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, শনিবার দুপুরে আজগর মিয়া ইন্টারনেট বিল আদায়ের জন্য মুন্সি বাড়িতে যান। বিল পরিশোধে বিলম্ব হওয়ায় তিনি প্রথমে দুই গ্রাহকের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে বিষয়টি নিয়ে গ্রাহকরা সংযোগদাতা আলমগীরের বাড়িতে গেলে সেখানে তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে আজগর মিয়া তাদের মারধর ও হেনস্তা করেন। এ সময় জাহেরা বেগম ও রাহেলা বেগম আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আজগর মিয়ার বাড়িতে গেলে তিনি সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়ন। পরে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।
আলমগীরের স্ত্রী পারভীন বেগম জানান, আজগর নারীদের চুল চেপে ধরে মারধর করে। পরে তারাও আজগরকে মারধরের চেষ্টা করে। এ সময় আজগর তাদেরকে ইট দিয়ে আঘাত করে।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, থানায় অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

