কবরস্থান থেকে হাসপাতালে নেওয়ার পথে নারীর মৃত্যু
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম
পটিয়া থানা
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের পটিয়ায় কবরস্থান থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এক নারীকে হাসপাতালের নেওয়ার পথে মারা গেছেন। তাকে উদ্ধারের সময় একটি বিষের বোতল পাওয়া যায়। পরে নাক ও মুখ দিয়ে ফেনা বের হতে দেখা যায়।
তবে হাসপাতালে নেওয়ার পর তার শরীরে বিষক্রিয়ার লক্ষণ ও বিষের গন্ধ না পাওয়ার কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব। এ কারণে ধর্ষণের পর হত্যা নাকি আত্মহত্যা চেষ্টা তা এখনো রহস্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ল্যাংগার দোকানসংলগ্ন কবরস্থান থেকে তাকে উদ্ধার করা হয়।
পরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ল্যাংগার দোকানের পাশের কবরস্থানে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে একটি বিষের বোতল পাওয়া যাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল তিনি বিষপান করেছেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, প্রাথমিকভাবে ওই নারীর শরীরে বিষক্রিয়ার বা বিষপানের কোনো আলামত ও বিষের গন্ধ পাওয়া যায়নি। তবে মহিলার মুখ দিয়ে ফেনা বের হয়েছে। ময়নাতদন্ত ছাড়া কী কারণে তার মৃত্যু হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্য জানান, বিষপানে আত্মহত্যা না ধর্ষণের পর হত্যা তা ময়নাতদন্তের রিপোর্টে বোঝা যাবে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
