Logo
Logo
×
   

সারাদেশ

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ, খেলা শুরুর আগে একজনের মৃত্যু

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ, খেলা শুরুর আগে একজনের মৃত্যু

ফাইল ছবি

বরগুনার তালতলীতে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগেই খোকন কর্মকার নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) বিকাল ৫টার দিকে তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। 

মৃত খোকন কর্মকার তালতলী শহরের বাসিন্দা দিলীপ কর্মকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় বরগুনার তালতলীতে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে তালতলী সরকারি কলেজ মাঠে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্য থেকে ১১ জন করে খেলোয়াড় খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ আর্জেন্টিনা সমর্থক খোকন কর্মকার বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে অন্য খেলোয়াড়রা তাকে চিকিৎসার জন্য তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সব্যসাচী দাস সানি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই খোকন কর্মকারের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মো. সোলায়মান বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা শুরু হওয়ার আগে খেলোয়াড়রা অনুশীলন করছিলেন। এ সময় হঠাৎ আর্জেন্টিনা সমর্থক খোকন কর্মকার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .