বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে
Advertisement
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ এএম
চেসি ত্রিপুরা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ৪ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টা ৭ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি পর্যন্ত হাসপাতালে অবস্থান করছিলাম। পরে কিছু সময়ের জন্য হাসপাতালের বাইরে আসি। এর কিছুক্ষণ পর চেসির সহপাঠী রিসার্চ চাকমা আমাকে জানান, চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে চেসিকে মৃত ঘোষণা করেছেন এবং হাসপাতাল থেকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।
তিনি বলেন, লাশ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে নাকি সরাসরি তার গ্রামের বাড়িতে, এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। তবে এই মুহূর্তে তার পরিবারের একটু সময় লাগবে।
এর আগে গত সোমবার রাজশাহীর বাগমারায় এক সহপাঠীর বাসায় পূজার দাওয়াতে যান চেসি ও তার আরেক সহপাঠী। সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফেরার পথে দুর্গাপুর এলাকায় একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান চেসি। পরে তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরবর্তীতে জরুরি উন্নত চিকিৎসার বিষয়টি বিবেচনায় নিয়ে চেসি ত্রিপুরাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরের দিন মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রামেক হাসপাতাল হোস্টেলের পাশের মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আনা হয়।
