Logo
Logo
×
   

সারাদেশ

পাবনায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে দুই দুস্থ নারীর টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০২:৪১ এএম

পাবনায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে দুই দুস্থ নারীর টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

পাবনার আতাইকুলায় গৃহবধূর ৩ আঙুল কেটে নেওয়ার মূলহোতা নান্নু বাহিনীর বিরুদ্ধে এবার সরকারি ভিজিডি, ভিজিএফ ও ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। নান্নুর নেতৃত্বে একটি প্রতারক চক্র গ্রামের সহজ-সরল নারীদের কাছ থেকে এসব সরকারি ভাতার কার্ড দেয়ার নাম করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি এই চক্রের খপ্পরে পড়ে নিজেদের কষ্টার্জিত প্রায় অর্ধ লাখ টাকা খুইয়েছেন দুই দুস্থ নারী। টাকা ফেরত চাইলে উল্টো নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিরুপায় হয়ে ভুক্তভোগী নারীরা গত ৩ জুলাই আতাইকুলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে প্রতারণা চক্রের মূলহোতা নান্নুসহ ওই চক্রের অন্য ৫ সহযোগীকে আসামি করা হয়েছে। 

অভিযুক্তরা হলেন, পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীকোল দক্ষিণপাড়া গ্রামের কেরু প্রামাণিকের ছেলে মো. নান্নু প্রামাণিক (৩০), মুন্তাজ প্রামাণিকের ছেলে মুক্তার প্রমাণিক (৪২), কেরু প্রামাণিকের ছেলে সাদ্দাম প্রামাণিক (৩৫), মৃত জয়েন প্রামাণিকের ছেলে কেরু প্রাং (৬০) এবং মুক্তার প্রামাণিকের ছেলে সিয়াম প্রামাণিক (২০)। 

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের দেওয়া তথ্যে জানা যায়, অভিযুক্ত নান্নু প্রামাণিক ও তার সহযোগীরা বেশ কিছুদিন ধরে একটি প্রতারক চক্র তৈরি করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। তারা নানা কৌশলে স্থানীয় সহজ-সরল লোকজনকে বিশ্বাস স্থাপন করায় যে, সরকারি বিভিন্ন ভাতার কার্ড তারা সহজে পাইয়ে দিতে পারে। তাদের এই কথায় প্রলুদ্ধ হয়ে দু মাস আগে শ্রীকোল (লক্ষীকোল) গ্রামের মৃত সেকেন শেখের স্ত্রী মোছা. রুশনী খাতুন ভাতার কার্ডের আশায় নান্নুকে ৩০ হাজার টাকা দেন। একইভাবে একই গ্রামের মোছা. হামিদা খাতুনও ধার-দেনা করে ২০ হাজার টাকা তুলে দেন নান্নুর হাতে।  

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভিজিডি, ভিজিএফ কিংবা ফ্যামিলি কার্ডের কোনোটিই তারা পাননি। ভুক্তভোগী নারী রুশনী খাতুন বলেন, বার বার কার্ডের বিষয়ে জানতে চাইলে নান্নু প্রামাণিক নানা টালবাহানা কওে কালক্ষেপন করতে থাকে। এ অবস্থায় ওই নারীরা কার্ড না পেয়ে টাকা ফেরত চাইলে সে আমাকে এবং আমার পরিবারকে ভয়ভীতি দেখাতে শুরু করে। 

তিনি বলেন, আমরা গরিব মানুষ, কষ্টের টাকা হারিয়ে এখন দিশেহারা। একই ধরনের ক্ষোভ ও কষ্টের কথা জানান হামিদা খাতুনও। 

পারিবারিক সূত্রে জানা গেছে, রুশনী খাতুনের ছেলে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী। তিনি দূরপ্রবাস থেকে মোবাইল ফোনে নান্নু প্রামাণিকের কাছে মায়ের টাকা ফেরত চাইলে নান্নু তাকেও হুমকি দেয়। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি ও গণ্যমান্য কাছে ঘুরেও কোনো সুরাহা পাননি ভুক্তভোগীরা। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, এই নান্নু ও তার বাহিনীর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের আরও অভিযোগ রয়েছে। গত ২ জুলাই রাতে কিছুদিন আগে শ্রীকোল গ্রামে সন্ত্রাসী কায়দায় এক গৃহবধূর তিনটি আঙুল কেটে নেয়ার অপরাধেও এই নান্নু বাহিনীর বিরুদ্ধে আতাইকুলা থানায় মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সুত্র জানায়, রাত আনুমানিক ১১টার দিকে পাবনা সদর উপজেলার শ্রীকোল গ্রামে নান্নু প্রামাণিক ও তার বাহিনী দুদু মোল্লার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা দুদু মোল্লাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী সাবিনা ইয়াসমিন। এ সময় হামলাকারীদের নৃশংস কোপে সাবিনা ইয়াসমিনের ডান হাতের তিনটি আঙুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তারা কাটা আঙুল নিয়ে উল্লাস করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন গ্রামবাসী জানান, ভাতার কার্ডের নামে এই চক্রটি আরও অনেকের কাছ থেকেই কৌশলে টাকা হাতিয়ে নিয়েছে। 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রধান অভিযুক্ত মো. নান্নু প্রামাণিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান  জানান, ভুক্তভোগী নারীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .