শীতলক্ষ্যায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পদকপ্রাপ্ত ফায়ার কর্মী নিখোঁজ
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম
শীতলক্ষ্যায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পদকপ্রাপ্ত ফায়ার কর্মী নিখোঁজ
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে শীতলক্ষ্যা নদীর নৌ-ফায়ার সার্ভিসের জেটিতে স্পিডবোট মেইনটেনেন্স ও আটকে থাকা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে রাষ্ট্রীয় সম্মাননা পদকপ্রাপ্ত সাদিক নামের ফায়ার কর্মী নিখোঁজ হয়েছেন। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ সাদিক রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজারের কুমারকান্দি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আশরাফ উদ্দিন শেখ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিতাইগঞ্জ নৌ-ফায়ার সার্ভিসের জেটিতে কচুরিপানা জমে থাকায় ফায়ার সার্ভিসের কর্মী সাদিক ও সামসুল, ড্রাইভার সজল মিলে লাঠি দিয়ে স্পিডবোটের উপর থেকে কচুরিপানা পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ করেই সাদিক স্পিডবোট থেকে পড়ে শীতলক্ষ্যা নদীতে তলিয়ে যান।
ধারণা করা হচ্ছে- স্পিডবোট থেকে পড়ে যাওয়ার সময় মাথায় বা শরীরের অন্য কোথাও আঘাত পেয়ে তিনি পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা শীতলক্ষ্যা নদীতে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। একই সঙ্গে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও উদ্ধার তৎপরতায় যোগ দেন।
