মির্জাপুরে ১৫ ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল ৫ জনের
Advertisement
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মির্জাপুরে ১৫ ঘণ্টার ব্যবধানে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত উপজেলার থলপাড়া, মন্দিরাপাড়া, কোদালিয়া এবং কাটরা এলাকায় এসব ঘটনা ঘটে।
মৃতরা হলেন- শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে জিকুল হোসেন (১৮), নীলফামারী সদর উপজেলার বেংমারী সাহাপাড়া গ্রামের আজাহার মিয়ার ছেলে সামসুর রহমান সাজ্জাত (৩১), মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের সুজন রাজবংশীর ছেলে সুশান্ত রাজবংশী (১৮), গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের রুস্তম আলী (৬৫), টাঙ্গাইল সদর উপজেলার বাগবাড়ী গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে জুলহাস মোল্লা (৪৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক একটি নৌকা নিয়ে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ি পিকনিক স্পটে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় ঝিনাই নদীর উপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে ঘটনাস্থলেই দুইজন অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার এসআই মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় আহত রবিন মিয়া, লিপটন মিয়া, রানা আহমেদ, মেহেদী হাসানসহ ৪ জন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে উপজেলার বহুরিয়া গ্রামের সুশান্ত রাজবংশী বেড় জাল দিয়ে মাছ মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, সুশান্তসহ ৮ জন জেলে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মন্দিরাপাড়া বিলে বেড় জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় বিলের উপর বৈদ্যুতিক খুঁটিতে স্পর্শ লেগে সুশান্ত পানিতে ডুবে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টা চেষ্টার পর শুক্রবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করেন। এ ঘটনায় বিলের পানিতে পড়ে রতন, লিটন, গোলক, আশিক, প্রদীপ, লোকনাথ ও প্রকাশ রাজবংশী আহত হন।
অপরদিকে শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা লৌহজং নদীতে ভাসমান অবস্থায় জুলহাস মোল্লা নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার এসআই নাইমুল হক।
এছাড়া শুক্রবার সকাল ৭টার দিকে গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের বাসিন্দা রুস্তম আলী (৬৫) বাড়ির পাশে খালে পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, রুস্তম আলী সকালে বাড়ির পাশের খালে পাট জাগ দিতে যান। প্রথম দফায় একবোঝা পাট জাগ দিয়ে দ্বিতীয়বার আবার আরেক বোঝা পাট জাগ দিতে গিয়ে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল গিয়ে ৪৫ মিনিট চেষ্টার পর তার লাশ উদ্ধার করেন।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, ডুবুরি দল চেষ্টা চালিয়ে মন্দিরাপাড়া বিল ও কোদালিয়া খাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
মির্জাপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন, লাশগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর হবে। আহতদের চিকিৎসা চলছে।
