ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কৃষি কর্মকর্তার
Advertisement
নোয়াখালী (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.আব্দুর রহমান ওরফে সুমন (৩৮) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমির মুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে সুমন শশুরবাড়ি থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করার উদ্দেশে মোটরসাইকেল যোগে রওয়ানা দেন। যাত্রা পথে উপজেলার চৌমুহনী-ছমির মুন্সিরহাট সড়কের রোহিতার পোল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।
বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
