বিয়ে বাড়িতে অ্যালকোহল ভেবে মিথানল পান, ২ যুবকের মৃত্যু
Advertisement
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর ও গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম
গাজীপুরে বিষাক্ত মিথানল পানে নিহত দুই যুবক। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরে বিয়ে বাড়িতে উৎসবের সময় অ্যালকোহল ভেবে বিষাক্ত মিথানল পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) ভোরে ও বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ডুলিয়ার বাজার এলাকার রাজ্জাকের ছেলে মো. সজিব (২২) ও একই উপজেলার হাড়োয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. রনি (২০)।
সজিব কোনাবাড়ী থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলাকায় মফিজ উদ্দিনের বাসায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন। আর রনি কাদের মার্কেট এলাকায় তোবারক মোল্লার বাসায় ভাড়া থেকে আশুলিয়া পলিটেকনিক্যালে পড়াশোনা করতেন।
স্থানীয়রা জানান, গত ১৩ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তারা অ্যালকোহল (মদ) পান করে। পরের দিন সকাল থেকে তারা অসুস্থ অনুভব করলে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খান। কিন্তু তাদের কোনো উন্নতি না হলে কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) ভোর ৪টার সময় প্রথমে সজিব এবং বিকাল সাড়ে ৪টার সময় রনি মিয়ার মৃত্যু হয়।
রনি মিয়ার নানী রেজিয়া খাতুন বলেন, রনি আমার সঙ্গে বসবাস করে পড়াশোনা করত। আমি ভিক্ষাবৃত্তি করে তাকে পড়াশোনা করাচ্ছি। তিনি এতটাই ভদ্র ছিল যে, কোনো নেশা করত না। তাকে যড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের শাস্তি চাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, মিথানল বিষক্রিয়ায় (Methanol Poisoning) তাদের মৃত্যু হয়েছে।
কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন বলেন, শাহবাগ থানা থেকে একটি বার্তা পেয়েছি, সেখান থেকে দুজনের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাংলা মদ বা মিথানল খেয়েছিল। ঘটনাটি ঘটেছে গত ১৩ জুলাই, তবে আজ (রোববার) তারা মারা গেছে। এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ বা মামলা করেনি। ঘটনাস্থলে পুলিশ গেছে। মেডিকেল প্রতিবেদন ও তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-6a5ce533128d8.jpg)