বরিশালে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:০৪ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান (৮) ও ইয়াকুব (৮) নামে দুজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকালে পৌরসভার খরকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) ও একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। তারা দুজনই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকালে নাহিয়ান ও ইয়াকুব একসঙ্গে বিদ্যালয়ে যায়। দুপুর পৌনে ১২টার দিকে বিদ্যালয় ছুটি হলেও তারা বাড়িতে ফেরেনি। দীর্ঘ সময় পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় পাঁচ ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকাল ৫টার দিকে খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি পুকুর ঘাটে তাদের জুতা দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই শিশুর লাশ উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা পলাশ বলেন, নাহিয়ান ও ইয়াকুব প্রতিদিন একসঙ্গে স্কুলে যাতায়াত করত। রোববার সময়মতো বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল চন্দ্র দাস বলেন, নাহিয়ান ও ইয়াকুব দুজনই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। রোববার তারা শ্রেণিকক্ষে উপস্থিত ছিল। দুপুর পৌনে ১২টার দিকে বিদ্যালয় ছুটি হয়। বিকাল ৫টার দিকে তাদের মৃত্যুর খবর শুনেছি।
তিনি বলেন, দুজনই খুব মিশুক স্বভাবের ছিল। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল। দুই শিক্ষার্থীর এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। তাদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আদরের সন্তান হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন দুই পরিবারের সদস্যরা।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
