|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে একশ ছাড়িয়ে গেল হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিশুদের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হুসেন মিয়ার সাত মাসের মেয়ে নুসিবা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিলেটের কানাইঘাট উপজেলার উযাছের আহমদের দুই বছর দুই মাস বয়সি মেয়ে রাফসা শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে মারা যায়। নতুন এই দুই শিশুর মৃত্যুতে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা ১০৫ জনে পৌঁছেছে।
সিলেট স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় বিভাগে মোট ৫৪৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। বিভাগের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে চারজন এবং হামের উপসর্গ নিয়ে ১০০ জনসহ মোট ১০৫ জন মারা গেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
