Logo
Logo
×
   

সারাদেশ

জালনোটের মামলায় হাজিরা দিতে এসে জালনোটসহ গ্রেফতার যুবক

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৪৮ পিএম

জালনোটের মামলায় হাজিরা দিতে এসে জালনোটসহ গ্রেফতার যুবক

বগুড়ায় জালনোটের মামলায় আদালতে হাজিরা দিতে এসে ১০০০ টাকা মূল্যমানের ৪৫৩টি জালনোটসহ রফিকুল ইসলাম (৪৭) নামে এক জালনোট ব্যবসায়ী ধরা পড়েছেন।

বুধবার দুপুরে বগুড়া জজকোর্ট চত্বরে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে ওসি ডিবি ইকবাল বাহার এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, জালনোট কারবারি রফিকুল ইসলাম নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। তিনি বুধবার বেলা আড়াইটার দিকে জালনোটের মামলায় বগুড়া জজকোর্টে হাজিরা দিতে আসেন। এ সময় তার কাছে বিপুল পরিমাণ জালনোট ছিল।

গোপনে এমন খবর পেয়ে বগুড়া ডিবি পুলিশের একটি দল জজকোর্ট চত্বরে বিশেষ অভিযান চালায়। সেখান থেকে চিহ্নিত জালনোট কারবারি রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছে ১০০০ টাকা মূল্যমানের ৪৫৩টি নোট অর্থাৎ চার লাখ ৫৩ হাজার টাকার জালনোট পাওয়া যায়।

ওসি ডিবি ইকবাল বাহার জানান, বগুড়ায় জালনোটের মামলায় আদালতে হাজিরা দিতে এসে চিহ্নিত জালনোট কারবারি রফিকুল ইসলাম গ্রেফতার হয়েছেন। তার কাছে হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট পাওয়া গেছে। রফিকুল ইসলামের বিরুদ্ধে জাল টাকা, চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জালনোটের উৎস সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম