শিশুপুত্রকে রেখে নামাজে যান বাবা, এসে দেখেন ট্রাকের চাকার নিচে লাশ
Advertisement
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২ বছরের শিশুপুত্র হাবিবকে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে চেয়ারে বসিয়ে রেখে নামাজ পড়তে যান আখের রস বিক্রেতা হাসেম মিয়া। নামাজ শেষে এসে দেখেন চেয়ারসহ তার শিশুপুত্র সিমেন্টবোঝাই ট্রাকের চাকার নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
মঙ্গলবার দুপুরে ১টায় ফতুল্লার নরসিংপুর এলাকায় বক্তাবলী ফেরিঘাটের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করেন। পুলিশ এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে।
হাসেম মিয়া জানান, তিনি দীর্ঘদিন যাবত বাড়ির কাছে বক্তাবলী ফেরিঘাটের সড়কের পাশে আখ ভাঙানো মেশিন বসিয়ে আখের রস বিক্রি করেন। নামাজের সময় তার শিশুপুত্র হাবিব (১২) এসে দোকানে বসে। এরপর তিনি মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। দুপুর ১টায় হাবিব দোকানে এলে তাকে প্লাস্টিকের চেয়ারে বসিয়ে রেখে জোহর নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজ শেষে এসে দেখেন দোকানের সামনে লোকজনের ভিড়। কাছে গিয়ে দেখেন তার শিশুপুত্র চেয়ারসহ ট্রাকের চাকার নিচে আটকে আছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, শিশুর লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করেছে। ট্রাকসহ চালককে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছেন।
