ছোট বোনকে বাঁচাতে গিয়ে মারা গেল ভাইও
Advertisement
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলা করার সময় পড়ে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় ছোট বোন। তাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাইয়েরও।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে পানিতে ডুবে রিফাত (৪) ও সাফা (২) নামে সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রিফাত ও সাফা একই গ্রামের রুবেল মিয়ার সন্তান।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনের পুকুরপাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল রিফাত ও সাফা। একপর্যায়ে ছোট বোন সাফা পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার এগিয়ে গিয়ে পানিতে নেমে বড় ভাই রিফাতও তলিয়ে যায়।
এ ঘটনা স্বজন ও আশপাশের লোকজন টের পেয়ে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
