স্বামী হত্যাকাণ্ডের দুই মাস পর সড়কে প্রাণ গেল স্ত্রীর
Advertisement
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমান হত্যাকাণ্ডের দুই মাস পর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী অন্তরা (২৭) মারা গেছেন। বুধবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার আচমিতা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত অন্তরা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর গোহালবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি কটিয়াদী বাজারের ব্যবসায়ী নিহত জিল্লুর রহমানের স্ত্রী।
নিহত অন্তরার পরিবারের লোকজন জানান, জিল্লুর রহমান হত্যা মামলাটি বর্তমানে কিশোরগঞ্জ পিবিআইয়ে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্তাধীন রয়েছে। কিশোরগঞ্জে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফেরার পথে অন্তরা কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে উপজেলার আচমিতা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যান সিএনজিটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পর বিকাল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১৮ মে কটিয়াদী বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী জিল্লুর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। পরে মামলাটির তদন্তভার কিশোরগঞ্জ পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। স্বামী হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করে বাড়িতে ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় অন্তরার মৃত্যু হয়। দুই মাসের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত অন্তরা ও জিল্লুর রহমানের এক মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে। মেয়ে ছাইমা আক্তার ষষ্ঠ শ্রেণি ও ছেলে জিহাদ হাসান তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
নিহত অন্তরার স্বামী জিল্লুর রহমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ পিবিআইয়ের এসআই মো. জাহিদুল হক জানান, কটিয়াদী বাজারের ব্যবসায়ী নিহত জিল্লুর রহমানের স্ত্রী অন্তরা পিবিআইয়ের কিশোরগঞ্জ কার্যালয়ে আমার সঙ্গে দেখা করতে আসেননি। সড়ক দুর্ঘটনায় অন্তরার মৃত্যু দুঃখজনক ও মর্মান্তিক।
কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ জানান, সড়ক দুর্ঘটনায় অন্তরা নামে এক নারীর মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
