সিলেটে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, উদ্বেগ সংক্রমণের
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে একদিকে মারাত্মক হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ক্রমশ ছড়িয়ে পড়ছে ডেঙ্গুর সংক্রমণ। ইতোমধ্যে সিলেটে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে সোমবার প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে চিকিৎসাধীন অবস্থায় আফিয়া খানম (৫৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চলতি বছরে এটিই সিলেট বিভাগে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা।
এদিকে, বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যুর ধারাবাহিকতাও থেমে নেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর প্রাণহানি ঘটেছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে।
হামের এই প্রাণঘাতী পরিস্থিতির মধ্যেই নতুন আতঙ্ক সৃষ্টি করছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হওয়ায় চলতি বছরে বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁডিয়েছে ১১১ জনে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীদের একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
