জাল দলিলের অভিযোগে কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিষ্কার
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাল কাগজপত্র ব্যবহার করে দলিল নিবন্ধনের অভিযোগে দুই দলিল লেখককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন এ আদেশ দেন।
বহিষ্কৃত দুই দলিল লেখক হলেন- উপজেলার বংকুরা গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে নাসির উদ্দিন শেখ এবং কাঠি গ্রামের মৃত শহীদুল শরীফের ছেলে মিজানুর রহমান বুলবুল শরীফ।
জানা গেছে, সম্প্রতি কোটালীপাড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নাসির উদ্দিন শেখ ও মিজানুর রহমান বুলবুলসহ কয়েকজন দলিল লেখকের বিরুদ্ধে জাল দলিল প্রস্তুতের অভিযোগ ওঠে। অভিযোগের পর উপজেলা সাব-রেজিস্ট্রার তদন্ত শুরু করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই দুই দলিল লেখককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত দলিল লেখক মিজানুর রহমান বুলবুল জানান, গত ১৫ জুলাই উনশিয়া গ্রামের মৃত ফহম মিয়ার স্ত্রী আমেনা বেগম দলিল ও পর্চার কাগজপত্র নিয়ে তার কাছে আসেন। তিনি নিয়ম অনুযায়ী সব কাগজপত্র সাব-রেজিস্ট্রারের কাছে জমা দেন এবং সেগুলো যাচাই করে দলিল নিবন্ধন করা হয়। পরে জানতে পারেন, আমেনা বেগম জাল কাগজপত্র ব্যবহার করেছেন। এ ঘটনায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও জানান, কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাবও তিনি জমা দিয়েছেন।
অপর বহিষ্কৃত দলিল লেখক নাসির উদ্দিন শেখ বলেন, কয়েকদিন আগে একটি দলিল নিবন্ধনের জন্য তিনি সাব-রেজিস্ট্রারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। পরে কাগজপত্র সঠিক নয় উল্লেখ করে জাল দলিলের অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি ইতোমধ্যে ওই নোটিশের লিখিত জবাব দিয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে আমেনা বেগমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও দলিল লেখক অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার কার্যালয়ের একটি চক্র দীর্ঘদিন ধরে ভুয়া কাগজপত্রের মাধ্যমে জাল দলিল নিবন্ধনের সঙ্গে জড়িত। তাদের কারণে বহু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। এ চক্রের বিরুদ্ধে আইন অনুযায়ী স্থায়ী ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন বলেন, দলিল নিবন্ধনের সময় জাল কাগজপত্র উপস্থাপনের অভিযোগে মিজানুর রহমান বুলবুল ও নাসির উদ্দিন শেখকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে কেন স্থায়ী ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
