জানুয়ারি থেকে শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়ার পৃথক ক্যালেন্ডার: উপদেষ্টা তিতুমীর
Advertisement
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম
বক্তব্য রাখছেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।
|
ফলো করুন |
|
|---|---|
জাতি গঠনে শিশু, কিশোর ও যুবকদের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এজন্য তিনি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী জানুয়ারি মাস থেকে বার্ষিক শিক্ষা, সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ে পৃথক তিনটি ক্যালেন্ডার তৈরির নির্দেশনা প্রদান করেন।
শুক্রবার (৭ আগস্ট) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষাব্যবস্থা, সংস্কৃতি ও খেলাধুলার অঙ্গন ধ্বংস করে গেছে। আমরা তা পুনর্গঠন করার চেষ্টা করছি। এর জন্য শিশুদের পড়ালেখার পাশাপাশি তাদের খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিচর্চার সুযোগ সৃষ্টি করতে হবে। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সে অনুযায়ী কাজ করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সব অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরে এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম তুলে দেওয়া হয়।
