আমবাগানে পড়ে ছিল অবিস্ফোরিত ৪২ ককটেল
Advertisement
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর পাংশায় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুলসংখ্যক অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে পাংশা উপজেলার বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।
ফরিদপুর এসআরবি-১০ সূত্রে জানা গেছে, অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির একপর্যায়ে ওই এলাকার একটি আমবাগানে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় লুকিয়ে রাখা ৪২টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো সম্পূর্ণ তাজা ও অবিস্ফোরিত অবস্থায় ছিল।
এ বিষয়ে ফরিদপুর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার যুগান্তরকে বলেন, উদ্ধার করা ককটেলগুলো দিয়ে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা, তা খতিয়ে দেখতে আমাদের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে এসআরবি ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বাহিনী সর্বদা তৎপর রয়েছে।
