চুরির অভিযোগে আটক, গণপিটুনিতে প্রাণ গেল যুবকের
Advertisement
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর রায়পুরায় এক প্রবাসীর বাড়িতে চুরির উদ্দেশে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর গণপিটুনিতে হৃদয় মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) দিনগত গভীর রাতে উপজেলার পাড়াতলী ইউনিয়নের সিংড়াপুর গ্রামে প্রবাসী আব্দুল সালাম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক রাত ৩টার দিকে হৃদয় মিয়া চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন এবং ঘরের দরজায় ছিটকিনি লাগিয়ে দেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে বেঁধে রাখেন।
স্থানীয়রা জানান, সকালে আটক যুবককে চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করার সময় উত্তেজিত জনতা তাকে মারধর ও গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ওসি মো. মুজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
